ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও ব্যুরোর মহাপরিচালক মোস্তাক হাসান মো. ইফতেখারকে প্রত্যাহার করা হয়েছে।
এ পদে নতুন নিয়োগ পেয়েছেন বরিশালে বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব নুরুন্নবী তালুকদার।
গত সোমবার কর্মচারি নেতারা ইফতেখারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন। ওই সময় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল ও নিয়োগ দেওয়া হয়।
এছাড়াও প্রশাসনের দুইজন অতিরিক্ত সচিব ও তিন বিভাগীয় কমিশনারসহ যুগ্মসচিব এবং উপসচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার পদে রদবদল করা হয়।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পদে কর্মরত অতিরিক্ত সচিব মোস্তাক হাসান মো. ইফতেখারকে প্রত্যাহার করে পদায়নের জন্য তার চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম-সচিব আবদুল মান্নান, সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব এনএম জিয়াউল আলম এবং বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম নতুন নিয়োগ পেয়েছেন।
সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব গোলাম রব্বানী হয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান। গত মঙ্গলবার বিসিআইসি'র চেয়ারম্যান মাসুদ সিদ্দিকী শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব মনসুর হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 'সমন্বিত উফশি পাট ও পাট বীজ উৎপাদন প্রকল্পে'র প্রকল্প পরিচালক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব জ্যোতির্ময় সমদ্দারকে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
উপসচিবদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মোহাম্মদ আবদুস সোবহানকে ওএসডি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) আকবর হোসেনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং টাঙ্গাইলের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা (জেডএসও) মাহবুবা হাসানাতকে সংসদ সচিবালয়ের উপসচিব নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১২৫ ঘ.
bdnews24