ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বারিধারায় থাই দূতাবাস প্রাঙ্গণে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী 'থাইল্যান্ড ফেয়ার বাংলাদেশ ২০১০।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জি এম কাদের বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারোয়েন সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জি এম কাদের বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। দুটি দেশের সংস্কৃতির অনেক মিল রয়েছে। কাছে হওয়ায় বাংলাদেশের অনেক পর্যটক বর্তমানে থাইল্যান্ড যাচ্ছেন।
তিনি জানান, পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে সুযোগ-সুবিধা আরো বাড়ানো হবে। আগামী ২০১১ সালকে পর্যটন বছর ঘোষণা করে এ ব্যাপারে আরো উদ্যেগ নেওয়া হবে।
উদ্যেক্তারা জানিয়েছেন, বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে এ মেলা আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রবেশমূল্য ছাড়াই সবাই মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রতিদিনই হবে থাই সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছয়টি ভিন্ন জোনে আয়োজিত এ মেলায় পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, থাই খাবারের প্রায় ৪৪টি স্টল রয়েছে।
মেলাতেই 'অন স্পট' ট্যুরিস্ট ও মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান উদ্যোক্তরা।
মেলায় আগতদের মধ্যে থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার হিসেবে বিনামূল্যে বিমানে ব্যাংকক যাওয়ার টিকেট দেওয়া হবে। এজন্য মেলার প্রবেশপথে দর্শনার্থীদের একটি কুপন পূরণ করে জমা দিতে হবে।
উদ্যোক্তরা আরো জানান, মেলায় আগতরা বিশেষ মূল্যে থাই পণ্য ক্রয় এবং উচ্চ শিক্ষার জন্য বিনামূল্য পরামর্শ পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/এজে/১৩২৫ ঘ.
bdnews24