ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য দূর করতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ছয় দিনের প্রচারাভিযান শুরু করছে 'দারিদ্র্যবিরোধী মঞ্চ'।
আগামী ১৬ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রচার কর্মসূচিতে থাকছে পরামর্শ সভা, সমাবেশ, সেমিনার, মানববন্ধন, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ইত্যাদি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি তুলে ধরেন ২৬টি নাগরিক সংগঠনের এই জোটের সমন্বয়কারী মহসীন আলী।
জাতিসংঘের সদর দপ্তরে আগামী ২০-২২ সেপ্টেম্বর বিশ্ব নেতাদের শীর্ষ বৈঠককে সামনে রেখে এই প্রচারাভিযান চালানো হচ্ছে। এর স্লোগান ঠিক করা হয়েছে- 'ক্ষুধা-দারিদ্র্যের বিরুদ্ধে সোচ্চার হও একসাথে'। এর উদ্দেশ্য, ২০০০ সালের ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এমডিজি) কথা বিশ্বনেতাদের স্মরণ করিয়ে দেওয়া।
সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, গভার্নেন্স কোয়ালিশন, ওয়াটার এইড, মানুষের জন্য ফাউন্ডেশন, পিএসটিসি, এইড একাউন্টিবিলিটি গ্র"প প্রভৃতি সংগঠন ছয় দিনের এ কর্মসূচিতে অংশ নেবে।
২১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রচারাভিযানের সমাপ্তি টানা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারদলীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩৫ ঘ.
bdnews24