সিলেট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার পর প্রথমবারের মতো সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে বুধবার গভীর রাতে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক নেছার আলম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "রাত ১২টা থেকে শুরু হয়ে পাঁচ মিনিটের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবুল মিয়া এবং আলাউদ্দিন স্বপনের ফাঁসি কার্যকর করা হয়।"
এসময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল সৈয়দ মোহাম্মদ হাশিম এবং সিভিল সার্জন ডা. ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
ফাঁসি কার্যকর করতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জল্লাদ শাহজাহান ভুঁইয়াকে আনা হয়। কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
১৯৩৭ সালে জমিদার কন্যা করিমুন্নেছাকে এই কারাগারে ফাঁসি দেওয়া হয়।
পৃথক দুটি হত্যা মামলায় সিলেট ও মৌলভীবাজারের আদালত ২০০৩ সালে সাবুল ও আলাউদ্দিনের মৃত্যুদণ্ড দেয়। পরে এ রায় চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে আপিল করলে তা বাতিল হয়ে যায়।
সর্বশেষ তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে সে আবেদনও মঞ্জুর হয়নি।
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের দক্ষিণ সুরমা থানার রেংগা দাউদপুর গ্রামের সাবুল মিয়া তার প্রতিবেশী মুক্তাদির আলীকে ২০০০ সালের ১২ নভেম্বর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন।
হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৩ সালের ৪ অক্টোবর সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে সাবুলকে মৃত্যুদণ্ড দেয়।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মিরারপাতন গ্রামের আলম উদ্দিন স্বপন তার স্ত্রী খোদেজা বিবি কমলাকে ২০০০ সালের ১ ডিসেম্বর যৌতুকের টাকার জন্য গলাটিপে হত্যা করেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত স্বপনকে মৃত্যুদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/এএনএস/এইচএ/০০৫৫ঘ.
bdnews24