২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে হত্যার ছয় মাস পর বাবা গ্রেপ্তার

১০ বছর বয়সী ছেলেকে হত্যা করে 'পানিতে ডুবে মরেছে' বলে প্রচার চালানোর অভিযোগে ঘটনার ছয় মাস পর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 12:29 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ বছর বয়সী ছেলেকে হত্যা করে 'পানিতে ডুবে মরেছে' বলে প্রচার চালানোর অভিযোগে ঘটনার ছয় মাস পর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্নাসী গ্রামে ছেলে হাওলাদার হাফিজুর রহমানকে হত্যার অভিযোগে বুধবার বিকেলে বাবা আব্দুল বারেক হাওলাদারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোরেলগঞ্জ থানার ওসি মো. আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। "গত ৫ মার্চ রাতে প্রতিবেশিদের পুকুর থেকে হাওলাদার হাফিজুর রহমান নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়," জানিয়ে ওসি বলেন, "শিশুটির পরিবার জানায়, পানিতে ডুবে হাফিজুরের মৃত্যু হয়েছে। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশেরময়না তদন্ত শেষে ভিসেরা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ছয় মাস পর মঙ্গলবার ভিসেরা প্রতিবেদন মোরেলগঞ্জ থানায় পৌছায়। ভিসেরা প্রতিবেদনে বলা হয়েছে, পানিতে ডুবে নয়, হাফিজুরকে হত্যা করা হয়েছে।" এ কারণে হাফিজুরের মৃত্যুর পর করা অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করে আব্দুল বারেক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি ছেলেকে হত্যার কথা স্বীকার করেন বলে জানান ওসি খালেক। ওসি জানান, আব্দুল বারেক হাওলাদার পাঁচ সন্তানের জনক। ৫ মার্চ সন্ধ্যায় তিনি হাফিজুরকে পড়তে বসতে বলে বাজারে যান। বাজার থেকে ফিরে দেখেন ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এতে রাগ করে তিনি ছেলেকে এলোপাতাড়ি চড় ও কিল-ঘুষি মারেন। এতে হাফিজুর নিস্তেজ হয়ে পড়লে তার মৃত্যু হয়েছে ভেবে বাবা বারেক তাকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বলে জানান খালেক। কিছুক্ষণ পর তিনি নিজে ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলে এলাকার লোকজনকে ডেকে আনেন। এলাকাবাসী খোঁজাখুজি করে পুকুর থেকে হাফিজুরের লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২০ ঘ.