২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতে আগের দরপত্র বাতিল

বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতে আগের ডাকা দরপত্র বাতিল করে পুনরায় দরপ্রস্তাব আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতে আগের ডাকা দরপত্র বাতিল করে পুনরায় দরপ্রস্তাব আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার কমিটির সভায় এছাড়াও মোট ২৭৬ দশমিক ৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ভাড়ায়চালিত দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। দুটির কাজই পেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ কমিটির অন্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীনা প্রতিষ্ঠান 'চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন'কে বঙ্গবন্ধু সেতুর মেরামত কাজের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাব এর আগে বর্তমান সরকারের সময়ই অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু কমিটি বুধবারের সভায় আগের প্রস্তাব নাকচ করে দ্রুত পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নূরুল করিম। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, সড়ক ও জনপথ বিভাগের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে চীনা প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। বঙ্গবন্ধু সেতু মেরামতে জমা দেওয়া দরপত্রের সঙ্গে তারা ওই কালো তালিকাভুক্তির প্রতিবেদন জমা দেয়নি। দরপত্রে অংশ নেওয়ার সময় তারা এ তথ্য গোপন করেছিল। দরপত্র যাচাই-বাছাই করে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করতে ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি এ বিষয়টি জানতে পেরে এ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বিপক্ষে মত দেয়। যুগ্ম-সচিব নূরুল করিম জানান, কমিটির সভায় ভাড়ায়চালিত দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ম্যাক্স পাওয়ার এবং ডিজে ওয়েভার জিএমবিএইচ এ দুটি কাজ পেয়েছে। ম্যাক্স পাওয়ার নরসিংদীর ঘোড়াশালে ৭৮ দশমিক ৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এখান থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ ৪ দশমিক ৮০ টাকায় কিনবে। চট্টগ্রামের শিকলবাহা অথবা দেশের সুবিধাজনক যে কোনো স্থানে ১৯৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ভাসমান (বার্জ মাউন্টেড) বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ডিজে ওয়েভার জিএমবিএইচ। এ কেন্দ্রটি গ্যাস এবং ফার্নেস অয়েলে চলবে। এ কেন্দ্র থেকে গ্যাসে উৎপাদিত বিদ্যুৎ ৩ দশমিক ৮৬৬ টাকা এবং ফার্নেস অয়েলে উৎপাদিত বিদ্যুৎ ৭ দশমিক ৩৫ টাকা দরে সরকার কিনবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২৫ ঘ.