২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বেড়ে দৌলতদিয়ায় একটি ফেরিঘাট বন্ধ

পদ্মার পানি বেড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি ফেরিঘাট অকার্যকর হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 09:27 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার পানি বেড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি ফেরিঘাট অকার্যকর হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তিন নম্বর ফেরিঘাটের র‌্যামে পানি ওঠায় বুধবার সকাল ৬টার দিকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অপর দুটি ফেরিঘাট দিয়ে যান পারাপার চলছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের কাছে দৌলতদিয়ায় পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।" বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘাটে কোনো যানজট না থাকায় ছোট-বড় ১০টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।" তিনি জানান, যাত্রীবাহী যানবাহন ঘাটে আসার সঙ্গে সঙ্গে পারাপার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিগুলো ভাটি এলাকা ঘুরে আসছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৫২৫ ঘ.