পঞ্চগড়, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে গণপিটুনিতে বাচ্চা বাউ (৪০) নামে এক চোর মারা গেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী।
তেঁতুলিয়ায় গণপিটুনির শিকার হয়ে শনিবার রাতে মারা যান বাচ্চা বাউ। সোমবার বিকালে তার স্ত্রী আঞ্জু বেগম থানায় মামলা করেন।
নিহতের বাড়ি তিরনইহাট ইউপির বকশীপাড়া গ্রামে।
তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম আলী ও তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের আগের দিন (বৃহস্পতিবার) রাতে বাচ্চা বাউ তিরনইহাট ইউপির ধামনাগছ গ্রামে সামাদের দোকানে চুরি করতে যায়। এ সময় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে। উত্তেজিত লোকজন তাকে গণপিটুনি দিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করে।
গভীর রাত হওয়ায় তিনি পুলিশের পরামর্শে বাচ্চা বাউকে লোকজন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন বলে জানান ইউপি চেয়ারম্যান রফিকুল।
এসআই ইব্রাহীম জানান, পরদিন (শুক্রবার) আশঙ্কাজনক অবস্থায় তাকে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার গভীর রাতে তিনি মারা যান। সোমবার বিকেলে নিহত বাচ্চা বাউর স্ত্রী আঞ্জু বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদস্য আফাজউদ্দিন ও গ্রামবাসীসহ ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
রফিকুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বাচ্চা বাউর বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ আনা হয়।
তাকেসহ গ্রামবাসীকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন রফিকুল।
আঞ্জু বেগম বলেন, "চোর-ডাকাত যাই হোন, তিনি আমার স্বামী। স্বামী হত্যার বিচার পেতে আমি মামলা করেছি।"
এসআই ইব্রাহিম বলেন, "নিহত বাচ্চা বাউর বিরুদ্ধেথানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। তার স্ত্রীর মামলাটি যথাযথ তদন্ত করা হবে। নিরীহ লোকজন যাতে হয়রানির শিকার নাহয় পুলিশ সে বিষয়ে সতর্ক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯১৬ ঘ.
bdnews24