২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারণ যৌতুক: আত্মহত্যায় 'মুক্তি' খুঁজলো নবদম্পতি

যৌতুকের হাত থেকে 'মুক্তি' পেতে এক নবদম্পতি আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

নীলফামারী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের হাত থেকে 'মুক্তি' পেতে এক নবদম্পতি আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে। মৃতরা হলেন- জামিনুর রহমান (২৫) ও মুক্তা বেগম (১৯)। ১০ মাস আগেই তাদের বিয়ে হয়। ডিমলার নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকাশকুড়ি গ্রামের সফর উদ্দীনের ছেলে জামিনুরের ডিমলা সদর ইউনিয়নের মোবারক হোসেনের মেয়ে মুক্তার যখন বিয়ে হয়, তখন সঙ্গে ৭১ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। যদিও দেশের আইন যৌতুক দেওয়া কিংবা নেওয়া উভয়ই দণ্ডনীয় অপরাধ। ইউপি চেয়ারম্যান মিন্টু বলেন, "বিয়ের সময় নগদ ৪০ হাজার টাকা ছেলের বাবাকে দেওয়া হয়। প্রায় মাস দু'য়েক থেকে সফর উদ্দীন যৌতুকের বাকি টাকার জন্য ছেলে জামিনুর ও মুক্তাকে চাপ দিয়ে আসছিল। টাকা আনতে না পারলে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন সফর।" এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ভোর ৫টার দিকে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করে। এরপর তাদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে তারা দুজনই মারা যান। ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মুক্তার বাবা মোবারক হোসেন থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ তদন্ত করছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/্এমআই/১৫৫৫ ঘ.