কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পল্লীতে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে দুই দল গ্রামবাসীর ওই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম ফজলু মিয়া (৪০)। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে করগাঁও ইউনিয়নের নওবাড়িয়া গ্রামের দুই প্রভাবশালী ভেলু মিয়া ও মহর উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে উভয়পক্ষের কয়েকশ লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মীর রেজাউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টায় সংঘর্ষ শুরু হওয়ার খবর পেয়ে জেলা সদর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
নয়জনকে গ্রেপ্তারের কথা জানালেও তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চারজনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুকে বল্লমের ফলাবিদ্ধ ফজলু মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে পুলিশ জানায়।
এসপি রেজাউল বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২০ ঘ.
bdnews24