ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত সড়ক নির্মাণে মিয়ানমারের সায় মিলেছে বলে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হলেও এতদিন মিয়ানমার তাদের দেশের ভেতর দিয়ে এ সড়ক নির্মাণে তেমন আগ্রহ দেখায়নি। এরপর চীনের পক্ষ প্রস্তাব দেওয়া হলে মিয়ানমার ইতিবাচক মনোভাব দেখায় বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানির সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
হাছান মাহমুদকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে দেখা করেন চীনা কূটনীতিক।
হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। এজন্য তারা একটি প্রতিনিধি দলকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। কীভাবে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হবে।"
প্রতিমন্ত্রী চট্টগ্রামের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপনে চীনের সহায়তা চেয়েছেন। চীন ইতোমধ্যে এ প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তাদের আশ্বাসের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের শুরুতে চীন সফরের সময় বাংলাদেশের সঙ্গে চীনের ইউনান প্রদেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন নিয়ে আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৩১ ঘ.
bdnews24