গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে ঢাকার মতিঝিল থেকে নন্দনগামী একটি বাসের সঙ্গে নবীনগরগামী বিপরীতমুখী অপর একটি বাসের সংঘর্ষ হয়।
তিনি বলেন, দুর্ঘটনায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় নবীনগরগামী বাসের চালক জহিরুল ইসলাম (৩৫) বাসের ভেতরেই আটকা পড়েন। খবর পেয়ে সাভারের ঢাকা ইপিজেড ফায়ার স্টেশন থেকে দমকলকর্মীরা গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করেন।
জহিরুলকে স্থানীয় বিকেএসপি ক্লিনিকে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। ফলে যানজট দেখা দেয়।
পুলিশ বাস দুটিকে আটক করেছে বলে জানান এসআই আজাহারুল ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১২২০ ঘ.
bdnews24