চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
আহত হয়েছে সিএনজি অটো রিকশার চার যাত্রী।
নিহতরা হলেন বাঁশবাড়িয়া এলাকার জাহাঙ্গীর (৩৫) ও সুরুজ মিয়া।
আহতরা হলেন- শাহ আলম (৭০), তার স্ত্রী নুরজাহান বেগম, তাদের পুত্রবধু হোসনে আরা (২৭) এবং পথচারী মনজুর আলম।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ওয়াহেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে এগারটার দিকে মহাসড়কের জোড় আমতলে একটি দ্রুতগামী বাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে।
এতে সুরুজ মিয়া নামের এক পথচারী ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটো রিকশাটি আটক করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বাঁশবাড়িয়ায় নয়টার দিকে দ্রুতগামী বাসের চাপায় জাহাঙ্গীর নামের এক যুবক মারা যায় বলে পুলিশ কর্মকর্তা ওয়াহেদ জানান।
তার বাড়ি বাঁশবাড়িয়া এলাকায় বলে তিনি জানান।
এসব ঘটনায় পৃৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৫২২ ঘ.
bdnews24