২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধ ভেঙে ভোলায় নয় গ্রাম প্লাবিত

মেঘনায় প্রবল জোয়ারে দৌলতখান উপজেলা শহররক্ষা বাধ ভেঙে উপজেলার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ভোলা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় প্রবল জোয়ারে দৌলতখান উপজেলা শহররক্ষা বাধ ভেঙে উপজেলার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। রোববার সন্ধ্যায় প্লাবনে ভেসে গেছে ২০টি মাছের ঘের, পাঁচটি পানের বরজ ও শতাধিক হেক্টর ফসলি জমি। পানিতে তলিয়ে গেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান। দুই/তিন ফুট উচ্চতার পানিতে গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। স্থানীয়রা জানায়, মেঘনা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় সৈয়দপুর অংশের বেড়ি বাঁধ ভেঙে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, পানিতে ছোট ধলি, চরসুভি, মাঝিরহাট, সাত বাড়িয়া, আলিমুদ্দি বাজার, বাংলাবাজারসহ সৈয়দপুর ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড তলিয়ে গেছে। প্লাবনের শিকার সৈয়দপুর ইউনিয়নের ছোট ধলি গ্রামের ইসমাইল হোসেন (৩২), সাফিজল মিয়া (২৮) ও আবুল বাশার (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের আগের দিন (শুক্রবার) প্রথম দফা বেড়ি বাধের কিছু অংশ ভেঙে যাওয়ার পর দ্বিতীয় দফা আজ (রোববার) পুরোটা ভেঙে গেছে। পানিবন্দি হয়ে পড়লেও সরকার আমাদের জন্য কিছুই করছে না।" দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহররক্ষা বাধ ভেঙে যাওয়ার পর সৈয়দপুর ইউনিয়নের সাতবাড়িয়া নামক এলাকায় বিকল্প রিং বেড়ি বাধ যথা সময়ে তৈরি না করায় এটি ভেঙে গেছে। ওই বেড়ি বাধ মেরামতের চেষ্টা চলছে।" এ ব্যপারে দৌলতখান উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইলায় পুরনো বেড়ি বাধ ভেঙে যাওয়ার পর ওই বেড়ি বাধ মেরামতের দায়িত্ব ছিল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। তারা যথাসময়ে ওই কাজ শেষ করেনি। ফলে দু'মাস আগে বেড়ি বাধের বাকি অংশ ভেঙে যায়। এখন সর্বশেষ বিকল্প রিং বেড়ি বাধ ভেঙে গেছে।" নদীর জোয়ারের পানি সরে না যাওয়া পর্যন্ত এ বাধের সংস্কার কাজ করা যাবে না বলে জানান মামুনুর। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইউনুস এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "পানির চাপে বেড়ি বাধ ভেঙে গেছে। এর মেরামত কাজ চলছে।" এরপর তিনি ফোনের সংযোগ কেটে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৩৬ ঘ.