বরিশাল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করায় নরসিংদীতে একজন খুনের অভিযোগের পরদিন বরিশালে এ ভাবে গান বাজানো নিষিদ্ধ করেছে পুলিশ।
বরিশাল পুলিশ কমিশনার আব্দুর রহিমের নির্দেশে নগরীতে উচ্চশব্দে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোতয়ালী মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।
এদিন উচ্চশব্দে গান বাজানোয় নগরীর দুই স্থান থেকে উচ্চশব্দযন্ত্র আটক করা হয়েছে বলেও জানান ওসি।
ঈদ উপলক্ষে উচ্চস্বরে গান বাজানোয় বাধা দেয়ায় নরসিংদীতে লোকমান হোসেন নামে এক ব্যক্তিকে এক ইউপি সদস্যের আত্মীয় কুপিয়ে খুন করেন শনিবার বলে অভিযোগ করেন নিহতের বাবা।
রোববার দুপুরের পর থেকে পুলিশের টহল দল রাস্তার পাশে উচ্চশব্দে গান বাজাতে থাকা কিশোর ও যুবকদের তা বন্ধ করার নির্দেশ দেয়। ওসি কমলেশ বলেন, "উচ্চশব্দে গান বাজানো নিষেধ করার পরও তা অব্যাহত রাখায় বরিশাল সদর রোড ও ঝাউতলা থেকে উচ্চশব্দযন্ত্র আটক করা হয়।"
পরে গান বাজানো বন্ধ রাখার মুচলেকা নিয়ে সেগুলো ছেড়ে দেয়া হয় বলে জানান ওসি।
"উচ্চশব্দে গান বাজানো নিয়ে নরসিংদীতে এক ব্যক্তি খুন হওয়ার পর আমরা আরো সর্তক হয়েছি," জানিয়ে ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, "কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।"
তিনি বলেন, "রাস্তার পাশে কিশোর ও যুবকরা উচ্চশব্দে গান বাজিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে। পথচারী কিশোরী-যুবতীদের উত্ত্যক্ত করে। এ নিয়ে যে কোনো সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।"
পুলিশ কমিশনার আব্দুর রহিম বলেন, "রাস্তার পাশে উচ্চশব্দে গান বাজিয়ে শব্দদূষণ করছে। যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি করছে। মাঝে মাঝে উদ্দাম নৃত্যরত কিশোর ও যুবকরা রাস্তার ওপর চলে আসে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় উচ্চশব্দে গান বাজানো বন্ধ করতে বলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭২৮ ঘ.
bdnews24