২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে উচ্চস্বরে গান: বাধা দেয়ায় খুন

ঈদ উপলক্ষে উচ্চস্বরে গান বাজানোয় বাধা দেয়ায় নরসিংদীতে এক ব্যক্তিকে ইউপি সদস্যের আত্মীয় কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

নরসিংদী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে উচ্চস্বরে গান বাজানোয় বাধা দেয়ায় নরসিংদীতে এক ব্যক্তিকে ইউপি সদস্যের আত্মীয় কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব গ্রামে লোকমান হোসেন নামে এক ব্যক্তিকে স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাই মাহবুব ও তার বন্ধু এমরান শুক্রবার গভীর রাতে খুন করেন বলে শনিবার অভিযোগ করেন নিহতের বাবা আব্দুস সাত্তার। এ ব্যাপারে অজ্ঞাতনামা চার/পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ এনে নরসিংদী সদর থানায় মামলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। ঘটনার পর নরসিংদী পুলিশ সুপারের নির্দেশে শহরে উচ্চস্বরে বাদ্যযন্ত্র না বাজাতে মাইকিং করে জনগণকে অনুরোধ জানানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি। আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে শুক্রবার ইউপি সদস্য মোশাররফ হোসেনের ছোটভাই মাহবুব ও এমরান প্যান্ডেল বানিয়ে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। লোকমান এতে বাধা দেন। তাদের নিচু আওয়াজে গান বাজাতে বলে লোকমান বাসায় ফিরে আসেন জানিয়ে সাত্তার বলেন, "রাত ১০টার দিকে মাহবুব ও এমরান এসে লোকমানকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর রাত প্রায় আড়াইটা পর্যন্ত উচ্চস্বরে গান বাজতে থাকে।" শনিবার সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় প্যান্ডেল সংলগ্ন ডোবায় লোকমানের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের কাছ থেকে জেনে ছেলের লাশ শনাক্ত করেন লোকমানের বাবা-মা। এরপর খবর পেয়ে নরসিংদী সদর থানার পুলিশ শনিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। পুলিশ মাহবুবের বাড়ি থেকে ডেক সেটসহ দু'টি সাউন্ড বক্স উদ্ধার করেছে। ঘটনার পর থেকে মাহবুব ও এমরান পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩৪ ঘ.