নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পে শুক্রবার রাতে নারায়ণগঞ্জে দু'টি বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দিয়েছে। চাঁদপুরে দু'টি আবাসিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এরমধ্যে একটি হেলে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ভূমিকম্পে জেলা শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে দু'টি বহুতল বাণিজ্যিক ভবনে ফাটল সৃষ্টি হয়েছে।
এ দু'টি ভবন হল- ১৩ তলা লুৎফা টাওয়ার ও সাত তলা প্যানোরমা প্লাজা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলবাহিনী। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো খবর পাওয়া যায়নি।
রাত ১১টা ২৫ মিনিটে দেশের বিভিন্ন স্থানের মতো এখানেও ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসে। ভবনগুলো যেন দুলতে থাকে।
চাষাঢ়ার বাসিন্দা ব্যবসায়ী মাসুম জানান, ভূমিকম্পে আমাদের চারতলা ভবন নৌকার মতো দুলতে থাকে। বাড়ির লোকজন আতঙ্কে ছাদে ওঠে বা রাস্তায় নেমে আসে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে অবস্থিত দুটি বহুতল বাণিজ্যিক ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, জেলা শহরের মৎস্য গবেষণা ইন্সটিটিউটের দু'টি আবাসিক ভবনের একটি ফাটলসহ একদিকে হেলে পড়েছে এবং আরেকটিতে ফাটল দেখা দিয়েছে।
মৎস্য গবেষণা ইন্সটিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের আবাসিক ভবনে বসবাসকারী মামুনুর রশিদ জানান, একটি তিনতলা ভবনের নিচতলায় ফাটল ধরে ও ভবনটি পূর্ব পাশে কিছুটা হেলে পড়ে। ভবনটিতে বর্তমানে দু'টি পরিবার বাস করছে।
এ ছাড়া একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলার মেঝেতে ফাটল সৃষ্টি হয়েছে। সেখানে একটি পরিবার বসবাস করছে।
চাঁদপুরেও দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই সময় আতঙ্কে বিভিন্ন বাসা-বাড়ির লোকজন ভবন ছেড়ে বাইরে নেমে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪০ ঘ.
bdnews24