২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের যানজট কোলাহল উধাও!

ঈদের ছুটিতে পাল্টে গেছে চট্টগ্রাম মহানগরীর চিরচেনা দৃশ্যপট। ব্যস্ত নগরীর প্রতিদিনের যানজট কোলাহল যেন শুক্রবার সন্ধ্যা থেকে উধাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে পাল্টে গেছে চট্টগ্রাম মহানগরীর চিরচেনা দৃশ্যপট। ব্যস্ত নগরীর প্রতিদিনের যানজট কোলাহল যেন শুক্রবার সন্ধ্যা থেকে উধাও। একদিন পর শনিবারই ঈদ। নগরবাসী প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়ায় অনেকটা ফাঁকা বন্দরনগরী। যানবাহন চলাচলও কমে গেছে। রিকশার টুংটাং শব্দ ও সিএনজি অটোরিকশার আওয়াজ ছাড়া আর কোন শব্দই যেন নেই। এ সুযোগে ঘর থেকে বের হওয়া যাত্রীদের কাছ থেকে রিক্সা ও অটোরিকশাচালকরা 'ঈদি' হিসেবে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বৃহস্পতিবার বিকাল থেকেই চট্টগ্রাম থেকে অন্য জেলার লোকজন বন্দরনগরী ছাড়লেও শুক্রবার সকাল থেকে শহর থেকে জেলার অন্য এলাকার স্বল্প দূরত্বের লোকজন তাদের বাড়ির উদ্দেশে শহর ছেড়েছেন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বাস টার্মিনাল, বিপণী বিতান ও কাঁচা বাজার ছাড়া অন্য কোথাও মানুষের তেমন একটা ভিড় দেখা যায়নি। নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন জানান, প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত জিইসি মোড় থেকে ষোলশহর ২ নম্বর গেইট-মুরাদপুর পর্যন্ত লম্বা যানজট থাকে। বৃহস্পতিবার রাতেও ছিল। কিন্তু আজ সকাল থেকেই তা নেই। এছাড়া যারা শহর না ছেড়ে ঈদ করতে রয়ে গেছেন তারা শেষ মুহূর্তে ভিড় করেছেন বিপণী বিতান ও কাঁচা বাজারগুলোতে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'চাঁনরাতের বাজার' করতে বিপণী বিতানগুলোতে ভিড় করেছেন নগরবাসী। এছাড়া নানাপদের সেমাই, নুডলস, চিনি, দুধ, এলাচিসহ বিভিন্ন প্রকার পদের জিনিস কিনতে বাজারে ভিড় করেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৬ ঘ.