খাগড়াছড়ি, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড় উপজেলার জালিয়াপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।
এরা হলেন- মো. শহীদ (২০), মো. সাদ্দাম (২০), মো. আলাউদ্দিন (৩৭) ও মো. রমজান আলী (৪০)।
শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মদ খাওয়া নিয়ে জালিয়াপাড়ায় শহীদসহ কয়েকজন স্থানীয় যুবক এক কিশোরকে মারধর করে। এ সময় টহল পুলিশ ছেলেটিকে উদ্ধার করে এবং শহীদকে স্থানীয় পুলিশ ফাড়িঁতে নিয়ে যায়।
পরে স্থানীয় গণ্যমান্য কয়েকজন থানায় গিয়ে শহীদকে নিজেদের জিম্মায় ফাঁড়ি থেকে নিয়ে আসেন।
এ ঘটনার জেরে জালিয়াপাড়ার পাশে গুইমারা থানা এলাকায় রাস্তায় একা পেয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই ফাঁড়ি পুলিশের নায়েক সুবেদার আব্দুর রাজ্জাককে মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গুইমারা থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গুইমারা থানার ওসি মো. আব্দুর রউফ হাওলাদার বলেন, আব্দুর রাজ্জাককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে মারধর করার অভিযোগে ৫০/৬০ জনের বিরুদ্ধে গুইমারা থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৮ ঘ.
bdnews24