২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুধের দাম লিটারে ২০ টাকা বেশি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তরল প্যাকেটজাত দুধের দাম বেশ চড়া। শনিবার ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানীরা উৎপাদন স্বল্পতার অজুহাতে দুধের দাম প্রতি লিটারে ২০ থেকে ২২ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তরল প্যাকেটজাত দুধের দাম বেশ চড়া। শনিবার ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানীরা উৎপাদন স্বল্পতার অজুহাতে দুধের দাম প্রতি লিটারে ২০ থেকে ২২ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে বাজারে দুধের সরবরাহে কোন কমতি নেই। প্রতিটি দোকানেই পর্যাপ্ত দুধের সরবরাহ রয়েছে বলে দোকানীরা জানিয়েছেন। কাফরুল এলাকার গৃহবধু মাসুমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে তার পরিবারের জন্য দুধের প্রয়োজন তিন লিটার। প্রতি বছর ঈদের আগে দোকানে সরবরাহ ঘাটতি থাকলেও এবার তা নেই। দুধ পাওয়া গেছে, তবে প্রতি লিটার দুধের দাম বাড়ানো হয়েছে ২০ থেকে ২২ টাকা পর্যন্ত। তিনি জানান, স্বাভাবিকভাবে সরকার নিয়ন্ত্রিত দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার প্রতি লিটার দুধ বাজারে ৪৮ টাকা দরে বিক্রি হয়। কিন্তু বৃহস্পতি ও শুক্রবার এ দুধ বিক্রি হয়েছে প্রতি লিটার ৬৫ থেকে ৭০ টাকা দরে। নিরুপায় হয়ে বেশি দামেই দুধ কিনতে হয়েছে। মিরপুর ২ নম্বর সেকশনের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, "৬৫ থেকে ৭০ টাকার কমে কোন দোকানে দুধ পাওয়ার কথা এখন চিন্তাও করা যাচ্ছে না। প্রতিটি দোকানেই দুধের দাম ন্যুনতম ২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদের নিয়ন্ত্রণের কেউ নেই।" তিনি বলেন, "সরবরাহের কথা বলে দাম বাড়ানো হয়েছে, অথচ সরবরাহে কোন ঘাটতি নেই।" মিল্ক ভিটা ছাড়াও আড়ং, আরডিসহ অন্য প্রতিষ্ঠানের প্যাকেটজাত দুধের দামও একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে। দু'এক টাকা কম বা বেশিতে এসব দুধও বিক্রি হতে দেখা গেছে। এ ব্যাপারে কাজীপাড়া মাতবরের পুকুরপাড়ের ব্যবসায়ী টিপু মিয়া এবং মিরপুরের সেলিম হোসেন জানান, মিল্ক ভিটার দুধের যথেষ্ট সরবরাহ রয়েছে। তবে ঈদের কারণে তাদের দুধ মিরপুর সাত নম্বর সেকশনের কারখানা থেকে আনতে হয়েছে। সেখানেই প্রতি লিটার দুধ বেশিতে বিক্রি হয়েছে ৫৫ থেকে ৫৭ টাকা দরে। তারা জানান, এর সঙ্গে যোগ হয়েছে পরিবহণ ব্যয়। দু'জন লোককে গভীর রাত থেকে মিল্ক ভিটার কারখানার সামনে দাঁড়িয়ে থেকে দুধ নিতে হয়েছে। ফলে প্রতি লিটার দুধের পেছনে এমনিতেই ব্যয় হয়েছে ৬০ থেকে ৬২ টাকা। ঈদের আগে ন্যুনতম লাভ নিয়ে দুধ বিক্রি করা হচ্ছে বলে তারা দাবি করেন। মিল্ক ভিটার মিরপুর কারখানায় বেশি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করে মিল্ক ভিটার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরণের কোন সুযোগ মিল্ক ভিটার নেই। কারণ, দুধের মূল্য বাড়ানোর জন্য আমাদেরকে সরকারের অনুমোদন নিতে হয়। তিনি বলেন, "এটা খুচরা বিক্রেতাদের কারসাজি মাত্র। তারা আগে থেকেই দুধের মজুদ করে মুনাফার জন্য পুরোনো দুধসহ বেশি দামে বিক্রি করছে। এসব দেখার জন্য মনিটরিং টিম কাজ করছে। কোথাও এমন অভিযোগ প্রমাণিত হলে ওইসব দোকানে মিল্ক ভিটা দুধ দেওয়া বন্ধ করে দেওয়া হবে।" তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে মিল্ক ভিটা গত দু'দিনে নগরীতে চার লাখ লিটার দুধ সরবরাহ করেছে। আরো বেশি দুধ সরবরাহ করা যেত, কিন্তু মান নিয়ন্ত্রণের কারণে মিল্ক ভিটা সেটা করেনি। তাছাড়া অ্যানথ্রাক্সসহ নানা কারণে অনেক দুধ আমরা নিতে পারছি না। ফলে দুধও বেশি দেওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৪৬ ঘ.