চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে এবার মোট ২৪৯ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে এসব জামাতের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ জামাতে ইমামতি করবেন জামেয়া আহম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী।
একইস্থানে সকাল সাড়ে ৯ টায় অপর একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর আউটার স্টেডিয়ামে শনিবার সকাল সাড়ে ৮ টায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার ঈদ হতে পারে ধরে নিয়ে আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে নগরীতে ১০৩ টি ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।"
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার ১৪৬ টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/১৫৩২ ঘ.
bdnews24