কক্সবাজার, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের একটি অস্ত্র মামলায় পক্ষপাতমূলক প্রতিবেদন দাখিলের অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
তবে মঙ্গলবার রাত পর্যন্ত নতুন কোন ওসি টেকনাফ থানায় যোগদান করেননি।
কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেকনাফ থানার ওসিকে পুলিশের বিধি অনুযায়ী সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা স্বীকার করেছেন, বাহারছড়ায় এক যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের এবং পরে পক্ষপাতমূলক প্রতিবেদন দেওয়ার অভিযোগে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, তিনি ছুটিতে থাকায় দাপ্তরিকভাবে এখনো বিষয়টি জানেন না। বাহারছড়ার অস্ত্র মামলার ঘটনায় ওসিকে সাসপেন্ড করা হয়েছে কিনা সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
তিনি বলেন, "ওই মামলায় পক্ষপাতমূলক প্রতিবেদন দেওয়ার অভিযোগটি আমি নিজেই তদন্ত করেছিলাম। ওই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হকসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১১৭ ঘ.
bdnews24