২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বাড়িফেরা: সদরঘাটে বিশেষ তদারকি দল

ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের লঞ্চযাত্রাকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে বিশেষ তদারকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের লঞ্চযাত্রাকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে বিশেষ তদারকি। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিদের্শে মঙ্গলবার থেকে শুরু এ তদারকি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তদারকি দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামান। মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তদারকি দলের ভ্রাম্যমাণ আদালত সদরঘাটে অভিযান চালায়। আবুল বাশার জানান, লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন ও ফিটনেসবিহীন লঞ্চ চলাচল হচ্ছে কি না তার তদারকি শুরু হয়েছে। মঙ্গলবার বিপজ্জনকভাবে লঞ্চ নোঙর করায় এমভি সুন্দরবন-৫ (ঢাকা-পটুয়াখালী রুট) নামের একটি লঞ্চকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া যাত্রী পরিবহনে অসতর্কতা অবলম্বন করায় আরেকটি লঞ্চকে সতর্ক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। "প্রতি বছর ঈদ মৌসুমে বেশি লাবৈর আশায় অনেক লঞ্চ ধারণ ক্ষমতার বাইরে যাত্রী বহন করে এবং অনেক সময়ই দুর্ঘটনার শিকার হয়। এছাড়া লাইসেন্স ছাড়াও চলে অনেক পরিবহন। দুর্ঘটনা রোধ ও যাত্রীর যথাযথ সেবা নিশ্চিত করতেই এ তদারিক চলছে," বলেন আবুল বাশার। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), জেলা প্রশাসন, কোস্টগার্ড, সমুদ্র পরিবহন, ঢাকা মহানগর পুলিশসহ আটটি বিভাগের সমন্বয়ে গত সপ্তাহে তদারকি দল গঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১১৭ ঘ.