২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

স্ত্রী ও মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় চাঁপাইনবাবগঞ্জে বখাটেরা পিটিয়ে মেরেছে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় চাঁপাইনবাবগঞ্জে বখাটেরা পিটিয়ে মেরেছে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারীকে। নিহত আব্দুল হান্নান (৪৫) চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রহরী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-ভুতপুকুর মহল্লার দাউদ আলীর ছেলে। মঙ্গলবার জেলা শহরের রেহাইচর মহল্লায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক জানান, দুপুর আড়াইটার দিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী মোহাম্মদ আলীর স্ত্রী মাহমুদা বেগম ও মেয়ে ফাতেমা আক্তার বৃষ্টি মহানন্দা নদী থেকে গোসল করে ফিরছিলেন তাদের সরকারি কোয়ার্টারে। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের পাশে সেলুন মালিক শহরের মসজিদ পাড়ার ইসরাইল হোসেন (২৪), রেহাইচরের সাইফুল ইসলাম (২৮) ও আনারুল ইসলাম (৪৫) তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে বখাটেরা বৃষ্টির মাকে অশালীন ভাষায় গালাগাল দেয়। খবর পেয়ে বৃষ্টির বাবা মোহাম্মদ আলী ঘটনাস্থলে গেলে তাকে বখাটেরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। তার চিৎকার শুনে আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং সবাইকে নিয়ে ফিরে যান। পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিকাল ৩টার দিকে বখাটেরা হান্নানকে সড়ক ও জনপথ কার্যালয়ের মুল ফটক থেকে ধরে নিয়ে সেলুনের ভেতর পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে ওই তিন উত্ত্যক্তকারী পলাতক রয়েছে। নিহতের স্ত্রী রওশন আরা বেগম সদর থানায় ওই তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। উত্ত্যক্তের শিকার দশম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার বৃষ্টি জানায়, গত তিন মাস থেকে ওই তিনজন তাকে উত্ত্যক্ত করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৩ ঘ.