ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের বেতন ও ঈদ বোনাসের অর্থ তোলার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলো প্রয়োজনে বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অগাস্ট মাসের বেতন ও ঈদ বোনাসের অর্থ দেশের কোনো কোনো স্থানে এখনো না পাওয়ার সংবাদে নাহিদ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার সংশ্লিষ্ট ব্যাংকসমূহের চেয়ারম্যানদের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারা এ বিষয়টি সচেতনতার সঙ্গে তদারক করবেন বলে শিক্ষামন্ত্রীকে আশ্বস্ত করেন।
মন্ত্রী এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও কথা বলেছেন। গভর্নর ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো প্রয়োজনে বুধবার রাত দশটা পর্যন্ত খোলা রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন।
শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ২৬ আগস্ট এবং বোনাসের চেক ২৯ আগস্ট সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৮ সেপ্টেম্বর পর্যন্ত বোনাসের টাকা এবং ৯ সেপ্টেম্বর পর্যন্ত বেতনের টাকা তুলতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৮৪৮ ঘ.
bdnews24