২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বনধের কারণে হিলি স্থলবন্দর অচল

ভারতে বামপন্থী শ্রমিক সংগঠগুলোর ডাকা বনধের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বামপন্থী শ্রমিক সংগঠগুলোর ডাকা বনধের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর অচল হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে ভারতের বাংলা-হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় শ্রমিক সংগঠনগুলো। এর ফলে বাংলাদেশের হিলি স্থলবন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, সরকারি খাতে বিনিয়োগ, শ্রমিক ছাঁটাই ও খুচরা বাজারে বিদেশী পুঁজির প্রতিবাদে ভারতজুড়ে ২৪ ঘণ্টার এই বনধের ডাক দিয়েছে নয়টি শ্রমিক সংগঠন। বনধের কারণে পশ্চিমবঙ্গের সর্বত্র কলকারখানা বন্ধ রয়েছে, যানবাহনের চাকা ঘুরছে না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বত্র যেন ছুটির আমেজ। হিলি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের শ্রমিক সংগঠনগুলোর বনধের কারণে সকাল থেকে হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।" তবে পচনশীল পণ্যসামগ্রীর রপ্তানি শুরুর জন্য আলোচনা চলছে বলে জানান তিনি। হিলি স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হায়দার আলী জানান, বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৬৩৩ ঘ.