২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন

ঢাকার সাভারে আশুলিয়ার শিমুলতলা এলাকায় ঝুট কাপড়ের একটি গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

সাভার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার সাভারে আশুলিয়ার শিমুলতলা এলাকায় ঝুট কাপড়ের একটি গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে 'প্রান্তিক এন্টারপ্রাইজ' নামের ওই গুদামে আগুন লাগে। সাভার, ধামরাই ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঝুটের গোডাউনটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে ওই গোডাউনের পাশের একটি পেট্রোল পাম্প অল্পের জন্যে রক্ষা পায় বলে তিনি জানান। ধারণা করা হচ্ছে আগুনে গোডাউনের প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রান্তিক এন্টারপ্রাইজের ব্যবস্থাপক দেবাশীষ মুদী বলেন, "আগুনে গুদামের সব মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাবে না।" প্যানপ্যাসেফিক ফিলিং স্টেশনের কর্মকর্তা জাকির হোসেন জানান, এ ফিলিং স্টেশনে লক্ষাধিক লিটারের ওপরে অকটেন ও পেট্রোল ছিলো। অল্পের জন্য স্টেশনটি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে আগুনের তাপে তাদের সামান্য ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আশুলিয়ায় আগুনের খবর আমরা পাইনি। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসএএ/১৬২৩ ঘ.