মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরা উপজেলায় মঙ্গলমাঝি ফেরিঘাটের কাছে মঙ্গলবার সকালে ১৮০ যাত্রী নিয়ে একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে যায়।
যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। নাহিদ নামের নয় বছর বয়সী একটি শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া আফিজা (১০) নামের এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভিকারুদ্দৌলাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাওয়া- মঙ্গলমাঝি নৌরুটের এই ট্রলারটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিলো। সকাল সাড়ে ১০ টার দিকে মঙ্গলমাঝি ঘাটের কাছে প্রচন্ড স্রোতের মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়।
মুন্সীগঞ্জের এনডিসি মমিনুর রশীদ জানান, দুর্ঘটনার পর থেকে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া থেকে যাত্রীবাহী সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩৫৯ ঘ.
bdnews24