মানিকগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপার স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান।
মঙ্গলবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
সকাল ৭টায় পাটুরিয়া ঘাট এবং সাড়ে ৮টায় দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন তিনি।
এসময় মন্ত্রী ফেরি পারাপারের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বুধবার থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকার বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ উপলক্ষে ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী (ওষুধ, পচনশীল খাদ্য ও কাঁচমাল) গাড়ি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত।"
যাত্রীবাহী যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে ঈদের আগেই পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি বহরে দুটি ইউটিলিটি ফেরি যুক্ত করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
পাটুরিয়া ঘাটে শাজাহান খান বলেন, "ঈদে অতিরিক্ত ভাড়া আদায় এবং অধিক যাত্রী পরিবহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘাট এলাকায় যাত্রীরা যাতে হয়রানি না হয় সে জন্য পুলিশের পাশাপাশি র্যাব এবং আর্মড পুলিশ মোতায়েন থাকবে।"
এছাড়া ঘাট এলাকায় মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, "সারাদেশে ৫৩টি নৌপথের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথটি অধিক গুরুত্বপূর্ণ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ মানুষ এ নৌপথে চলাচল করে। তাই ঈদে মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ-কে নির্দেশ দেওয়া হয়েছে।"
বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান মোস্তফা কামাল, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুন্সী সাহাবুদ্দীন, পুলিশ সুপার মো. মাসুদ করিম, বিআইডব্লিউটিসি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩০৩ ঘ.
bdnews24