চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলীসহ ২৬ জনের বিরুদ্ধে আরো নয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকালে চান্দগাঁও থানায় প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদারসহ সিডিএ'র ১১ জন প্রকৌশলী, পাঁচজন কর্মকর্তা এবং ১০ জন ঠিকাদারের বিরুদ্ধে আলাদা নয়টি মামলা করা হয়।
নগরীর চান্দগাঁও থানার বিএফআইডিসি থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সড়ক নির্মাণে এক কোটি ২১ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রোববার একই থানায় সিডিএ'র প্রধান প্রকৌশলীসহ নয় প্রকৌশলী, তিন কর্মকর্তা এবং তালিকাভুক্ত ১৩ ঠিকাদারের বিরুদ্ধে আলাদা ১৩টি মামলা করে দুদক।
নতুন নয় মামলায় রাস্তাটির দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজে ৫৩ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন একটি, সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান দুটি, রফিকুল ইসলাম দুটি এবং উপ-সহকারী পরিচালক সাইফুল্লাহ মো. এমরান ও খলিলুর রহমান শিকদার দুটি করে মামলার বাদি।
অভিযুক্তরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর হোসেন ও জসিম উদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মনজুর হাসান, আশরাফুল ইসলাম ও এএএম হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী নুরুল আমিন ভূঁইয়া, মোহাম্মদ ইলিয়াছ, রাজীব দাশ, মোহাম্মদ হাসান, মো.ইলিয়াছ আক্তার, এস্টিমেটর হামিদুল হক, ওসমান সিকদার, রূপম কুমার চৌধুরী ও গোলাম সরওয়ার এবং অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের।
অভিযুক্ত ঠিকাদাররা হলেন রফিকুল ইসলাম, আবদুস সালাম, ওয়াহেদুজ্জামান পিন্টু, শামসুল আলম, জসীমউদ্দিন, জহিরুল হক, ইউসুফ গণি চৌধুরী, খালেদ বিন আলম, মোহাম্মদ বাশার এবং নেজাম উদ্দিন।
দুটি মামলার বাদি ও দুদকের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে রাস্তার দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজে অর্থ আত্মসাতের বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/পিডি/২০২৮ ঘ.
bdnews24