পঞ্চগড়, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল ইসলাম (৪২) অ্যানথ্রাক্স আক্রান্ত নয় বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ইমার উদ্দিন কায়েস।
সোমবার দুপুরে ঢাকা থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিভিল সার্জন।
গত ৩ সেপ্টম্বর রাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বীরপাড়া গ্রামের সাইদুল হাতের ঘা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন।
রোগী হিসেবে চিহ্নিত করায় বিভ্রিান্তির সৃষ্টি হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা উল্লেখ করেছেন।
ডা. ইমার উদ্দিন কায়েস বলেন, "রোববার আমরা সন্দেহভাজন ওই রোগীর হাতের ঘা থেকে পুঁজ ও রসের স্লাইড তৈরি করে ঢাকার রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইডিসিআর) পাঠাই। তারা পরীক্ষা করে আজ (সোমবার) নিশ্চিত করেছে তাতে অ্যানথ্রাক্সের জীবাণু নেই।
কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক প্রচারমাধ্যমে সাইদুরকে অ্যানথ্রাক্স সংক্রমিত উল্লেখ করে রোববার খবর প্রকাশ হয়। এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, "আমি একাধিকবার সাংবাদিকদের জানাই সন্দেহভাজন রোগী অ্যানথ্রাক্স আক্রান্ত নয়। তবুও তারা ভুল রিপোর্ট করেছে।"
রোববার হাসপাতালে গিয়ে জানা গেছে, অ্যানথ্রাক্স আক্রান্ত সন্দেহে সাইদুরকে পুরুষ ওয়ার্ড থেকে হাসপাতালের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার হাতের ঘা প্রায় শুকিয়ে এসেছে।
সাইদুল জানান, গত ২৭ সেপ্টেম্বর ভারতীয় ছিটমহল থেকে গরুর মাংস এনে তার মেয়ের বিয়েতে প্রায় দুইশ' লোককে দাওয়াত করে খাওয়ান। তার সঙ্গে আরো চার-পাঁচজন মাংস কাটাকুটি ও নাড়াচাড়া করেছে। তবে অন্য কারো ঘা হয়নি।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নইমদ্দিন আহম্মদ বলেন, "জেলার কোথাও অসুস্থ হয়ে গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।"
জেলার প্রায় সাত লাখ গরু মহিষের বিপরীতে মাত্র ১০ হাজার প্রতিষেধক সরবরাহ করা হয়েছে বলে জানান নইমদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯১৫ ঘ.
bdnews24