২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলীতে গরুর বিক্রি অর্ধেকের নিচে নেমে গেছে

ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন রাজধানীর সবচেয়ে বড় গাবতলী গরুর হাটে গরু কেনা-বেচা অর্ধেকেরও নিচে নেমে গেছে। অ্যানথ্রাক্স আতঙ্কে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন রাজধানীর সবচেয়ে বড় গাবতলী গরুর হাটে গরু কেনা-বেচা অর্ধেকেরও নিচে নেমে গেছে। অ্যানথ্রাক্স আতঙ্কে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সোমবার গাবতলী হাট ঘুরে দেখা গেছে গরুর সংখ্যা অনেক কম। ক্রেতাও তেমন নেই। হাটে অধিকাংশই ভারতীয় গরু। গাবতলী হাটের বেপারিদের দাবি তাদের গরুগুলো সুস্থ। কেনা-বেচা আশংকাজনকভাবে কমে গেলেও গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এখনো কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা সিটি কর্পোরেশন। গাবতলী গরুর হাটের ম্যানেজার সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যানথ্রাক্স বিষয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে জানার পর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ হাটের গরুগুলোর যেনো স্বাস্থ্য পরীক্ষা করে তার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি।" তিনি বলেন, "কোরবানি ঈদের সময় এই হাটে সবচেয়ে বেশি গরু কেনা-বেচা হয়। কিন্তু ঈদুল ফিতরেও কম যায়না। সাধারণত এ সময়ে ৮০০ থেকে ১ হাজার গরু প্রতিদিন বিক্রি হয়। সেখানে এবার বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ গরু।" ফারুক হোসেন নামে এক বেপারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি প্রায় ১৪ বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। তার গরু কোনটা সুস্থ এবং কোনটা অসুস্থ তা ভাল বুঝতে পারেন তিনি। অ্যানথ্রাক্সের ব্যাপারে সচেতন থাকার পরও বিক্রি কম হওয়ায় হতাশা জানান ফারুক। এ অবস্থায় ঝুঁকি নিয়ে কোনো বেপারি অসুস্থ গরু গাবতলী হাটে বিক্রির জন্য আনবেন না বলেও জানান ফারুক হোসেন। আশরাফ হোসেন নামে অপর একজন বেপারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় আসার পথে যমুনা ব্রিজ পার হওয়ার আগে ট্রাকে থাকা গরুগুলো পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। রোজার ঈদে এলাকার কয়েকজন মিলে গরু জবাই দিয়ে মাংস ভাগাভাগি করে নেয়। ফলে গরুর বিক্রি কম হয় না। কিন্তু এবার সেই সংখ্যা খুবই কম বলে জানান তিনি। উত্তরাঞ্চল থেকে গরু আসা যেমন কমে গেছে, তেমনি গাবতলী হাটে বিক্রিও কমে গেছে উল্লেখ করে সোহেল আহমেদ জানান, ঈদের আর মাত্র ৩/৪ দিন বাকি আছে। গত বছর এসময় প্রতিদিন গড়ে যে সংখ্যক গরু বিক্রি হয়েছিল এবার তার অর্ধেকও হচ্ছে না। হবে বলেও মনেও হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএএ/১৭৫২ ঘ.