ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবে কদর রজনী সোমবার। আল্লাহর নৈকট্য ও ক্ষমালাভের জন্য ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি অতিবাহিত করবেন।
এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়।
কোরআনে শবে কদর বা লাইলাতুল কদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে।
তারাবীর নামাজের পর থেকে শবে কদরের ইবাদত বন্দেগীতে মুসল্লিরা নফল নামাজ আদায় করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী ঢাকা ও দেশের সর্বত্রই মসজিদে মসজিদে মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এদিকে শবে কদর উপলক্ষে সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে
'লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য '' শীর্ষক এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মুফতি ওয়ালিযুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইস্কাটন গার্ডেন জামে মসজিদের খতীব আবদুল হাকিম আযাদী।
বায়তুল মোকাররম মসজিদে সোমবার তারাবীহ নামাজের পর থেকে ওয়াজ মাহফিল হবে। রাত থেকে শুরু হবে কোরআন তিলাওয়াত, হামদ, নাত, মিলাদ ও মোনাজাত এবং রাত ১২টা থেকে নফল ইবাদত ও বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
আরামবাগের দেওয়ানবাগ শরীফ 'বাবে রহমত' এ সোমবার বাদ মাগরিব হতে ফজর নামাজ পর্যন্ত বিশেষ আশেকে রসুল (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সারা রাত কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল হবে।
ইসলাম ধর্মে বলা হয়েছে, লাইলাতুল কদরের রাতে ইবাদত করে অন্যান্য সময়ের এক হাজার রাতের চেয়ে বেশি পূণ্যলাভ সম্ভব।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা পাপ থেকে মুক্তি ও পূণ্য লাভের আশায় এ রাতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার আর বিশেষ মোনাজাত করবেন।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া আলাদা আলাদাভাবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ কেএমএস/১৩০৩ ঘ.
bdnews24