২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ মেজর আটক

ফরিদপুরের মধুখালী উপজেলায় ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজরকে আটকের পর মিলিটারি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 05:48 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালী উপজেলায় ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজরকে আটকের পর মিলিটারি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতর নাম শিব্বির আহমেদ বিপু। তিনি চট্টগ্রাম সেনানিবাসের ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেন্টারে (ট্রেনিং ব্যাটালিয়ন) কর্মরত। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা সদরের রেলগেটে রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মেজর বিপুর কাছে তিন বোতল ফেনসিডিল পাওয়া যায়। মধুখালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১০টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় মেজর বিপুর কাছে তিন বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় বিপুর বিরুদ্ধে মধুখালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রাতেই বিষয়টি যশোর ক্যান্টনমেন্টে জানানো হয়। পরে সেখান থেকে মিলিটারি পুলিশ আসলে ভোর ৬টার দিকে মেজর বিপুকে তাদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া মধুখালী থানায় মেজর বিপুর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মোহসিনুল। এর আগে গত জুলাই মাসে সিরাজগঞ্জে ফেনসিডিলসহ সেনাবাহিনীর অপর এক মেজরকে আটক করা হয়েছিলো। ওই ঘটনায় পরে তাকে চাকরিচ্যুত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫৯ ঘ.