ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ওয়ার্ডের সীমানা নির্ধারণে জনসংখ্যার ১০ শতাংশ হেরফের বিষয়ে সংশোধনী আনতে সম্মতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সংশোধনী দেরি হওয়ায় আটকে আছে স্থানীয় সরকারের পৌরসভাসহ ইউনিয়ন পরিষদ ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন।
পৌরসভা আইন অনুযায়ী পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের সময় যতদূর সম্ভব ভৌগলিক সম্পৃক্ততা সংরক্ষণ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে একটি ওয়ার্ডের লোকসংখ্যা অন্য একটি ওয়ার্ডের লোকসংখ্যা ১০ শতাংশের কম বা বেশি না হয়।
আইন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভা আইনের ওই উপধারাটি বিলুপ্ত করতে সম্মত হয়েছে বলে গত ৩০ অগাস্ট স্থানীয় সরকার সচিব মনজুর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়।
বর্তমান নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা নিয়ে নবম সংসদ নির্বাচনের পর ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়। কিন্তু উপজেলা, উপ-নির্বাচনসহ নিয়ে ইসি ব্যস্ত থাকলেও নির্বাচন বিধি প্রণয়নে সরকার দেরি করায় গতবছর এ নির্বাচন করা সম্ভব হয়নি।
এ বছর ফেব্র"য়ারিতে ইসি ফের ডিসিসি নির্বাচনের উদ্যোগ নিলে সীমানা নিয়ে শুরু হয় আইনি জটিলতা। আদালত আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ না করে তফসিল ঘোষণায় স্থগিতাদেশ দেয়।
জাতীয় সংসদের সীমানা নির্ধারণের কাজটি ইসি করলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এরপর ওয়ার্ডের জনসংখ্যার হেরফের দূর করতে এপ্রিলে সিইজিআইএস পদ্ধতিতে সীমানা নির্ধারণের উদ্যোগ নেয় মন্ত্রণালয়। ইসির অনুরোধ সত্ত্বেও মন্ত্রণালয় এ বিষয়ে এগোয়নি।
পরবর্তীতে ইসি জানায়, ১০ শতাংশ ভোটারের তারতম্যের বিষয়টি বিলুপ্ত করলে আগের সীমানায় নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।
প্রস্তাবিত সংশোধনী মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে।
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন জানান, ওয়ার্ডের জনসংখ্যার ১০ শতাংশ তারতম্যের বিষয়টি থাকায় সীমানা নিয়ে আইনী জটিলতা বাড়ার শঙ্কা থাকায় তা সংশোধনের জন্য অনুরোধ করা হয়। এখন মন্ত্রিসভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন পেলে আগামী সংসদ অধিবেশনেই আইনটি সংশোধন হতে পারে।
"পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন আইনেও এ সংশোধনী আনতে হবে। এ সংশোধনী হলে নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেওয়া হবে," বলেন ছহুল।
ডিসেম্বর-ফেব্র"য়ারির মধ্যে এসব নির্বাচন করার পরিকল্পনার কথা ইতোমধ্যে জানিয়েছে ইসি।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসিকে জানায়, দেশের ৩০৮টি পৌরসভার মধ্যে ২৭২টির নির্বাচন ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এছাড়া ২০১০ সালে সাতটি, ২০১১ সালে ২০টি, ২০১২ সালে একটি ও ২০১৩ সালে আটটি পৌরসভার মেয়াদ শেষ হবে।
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের বেশিরভাগই ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ। ডিসিসি'র নির্বাচনও মেয়াদোত্তীর্ণ হয়ে আছে ২০০৭ সালের মে মাসের পর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৬ ঘ.
bdnews24