চাঁদপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, শুধু যুদ্ধাপরাধীই নয়, সব হত্যাকাণ্ডের বিচার এই সরকার করবে।
তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনা আহত হয়ে চিরদিনের জন্য ডান কানের শ্রবণ শক্তি হারান। এই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মী প্রাণ নিহত হয়। আহত হয়েছে ৫ শতাধিক লোক। পঙ্গুত্ব বরণ করেছে অনেকে।"
স্বরাষ্ট্রমন্ত্রী রোববার চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন।
চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, "এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভাল। একটি সরকারে তখনই সফলতা আসে যখন সে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। আজ চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেমন ভালো তেমনি যেন সারাদেশে থাকে।"
জনগণকে ভাই ও বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশে জনবল ও যানবাহন সংকট সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা।
পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্যাহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত ডিআইজি মো. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গণি পাটোয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী ।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্মিত জেলা কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭০৮ ঘ.
bdnews24