ফেনী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলায় বিষাক্ত মদপানে এক যুবদল নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।
গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- চরচান্দিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে উপজেলা যুবদল সদস্য মোবারক হোসেন (৩৫) ও গণেশ গ্রামের মাদক ব্যবসায়ী হিরন মিয়া (৩৬)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল (৪০)।
এলাকাবাসী জানায়, দুলাল তার ভায়রা মোবারক হোসেন ও মাদক ব্যবসায়ী হিরন মিয়াসহ ৮/১০ জন শনিবার গভীর রাতে হাসপাতাল স্ট্যান্ড এলাকায় একটি ঘরে কয়েক রকমের বিষাক্ত মদ পান করে। কিছুক্ষণের মধ্যে তাদের দেহে বিষক্রিয়া শুরু হলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তাদের আত্মীয়-স্বজন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত ফেনী অথবা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
ভোর রাতের দিকে মোবারক ও হিরণ তাদের বাড়িতে মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় দুলালকে ফেনীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্র জানায়, রোববার ভোরে নামাজে জানাযা শেষে মোবারকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে দুলালের অবস্থা আশংকাজনক বলে ডাক্তাররা জানিয়েছেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, গভীর রাতে মোবারক, হিরণ ও দুলালকে হাসপাতালে আনা হয়। তাদের পরীক্ষা করে দেখা যায় রক্তচাপ অস্বাভাবিক নিচে নেমে গেছে। তাদের খুব ঘাম হচ্ছে। তাদের চোখের মনির রং পরিবর্তন হয়ে গেছে।
এ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি না করে দ্রুত ফেনী অথবা ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা কয়েক রকমের বিষাক্ত মাদক মিশিয়ে মদ পান করেছিলো।
সোনাগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষাক্ত মদ পানে মোবারক ও হিরনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
তিনি জানান, এ এলাকায় যারা মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫২২ ঘ.
bdnews24