২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫

জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তিতে মাদক ও জুয়ার ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে সরকার সমর্থিত দুই দলের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 08:59 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তিতে মাদক ও জুয়ার ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে সরকার সমর্থিত দুই দলের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগ চনপাড়া শাখার সভাপতি চাঁন মিয়া ও মহিলা লীগ নেত্রী নাজমা গ্র"পের মধ্যে এ সংঘর্ষ ঘটে। ৩ ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও থেমে থেমে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদক ব্যবসা ও জুয়ার বোর্ড নিয়ন্ত্রনকে কেন্দ্র করে রাত ৯টার দিকে চাঁন মিয়া ও নাজমা গ্র"পের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।" এ ঘটনায় চাঁন মিয়া (২৫), আলতাফ (১৯), মিজান (২৪), ইয়াবা শফিকুল (২৭), জালাল (২৫), করিম (৩০), নুরু মিয়া (২২), আফজাল (২৫), ইমান আলী (২৫), নাজমা (৩৮), লিটন (২৬), বারেক (৫৫), সমসের (২২) ও আমেনাসহ ৩৫ জন আহত হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান ওসি ফোরকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৪৫৩ ঘ.