২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ডাকাতের গুলিতে যুবক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ডাকাতের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 06:52 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ডাকাতের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে উপজেলার গোয়ালখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম তানজিল আহমেদ টুটুল (২৫)। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোয়ালখালী গ্রামে হেলাল মেম্বারের বাড়ীতে একদল মুখোশধারী ডাকাত হামলা চালায়। এ সময় পাশের বাড়িতে থাকা তার ছেলে টুটুল এগিয়ে আসলে ডাকাতরা তাকে গুলি করে। তিনি জানান, টুটুলকে গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাতরা হেলাল মেম্বারের বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও জানান এসআই মুশফিকুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১২৫০ ঘ.