ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকেন্দ্রিক বেতন-বোনাসের দাবিতে পোশাক শিল্পে 'বিশৃঙ্খলা' সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। শনিবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পোশাক কারখানার মালিক এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নীটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতিকে (বিকেএমইএ) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
সভায় পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা বিধানে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ঈদের আগে এবং পরের কয়েকদিন তৈরি পোশাক শিল্প এলাকায় পুলিশ ও র্যাবের টহল বাড়ানোসহ গোয়েন্দা নজরদারি জোরদারেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে বলা হয়, এক্ষেত্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধে সড়কপথে ও মার্কেটগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা জোরদারেরও সিদ্ধান্ত হয়।
সভায় আরো জানানো হয়, মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে।
লঞ্চগুলোতে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় সে বিষয়ে র্যাব ও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ) শামছুদ্দোহা খন্দকার, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশিক্ষণ) মুহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ.কে.এম. শহীদুল হক, র্যাবের মহা-পরিচালক মো. মোখলেছুর রহমান, উপ মহাপরিদর্শক (ডিআইজি-প্রশাসন) বেনজীর আহমেদ, ডিআইজি (অপরাধ) মো. আমির উদ্দিন, ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর জেলার পুলিশ সুপারিনটেনডেন্টসহ সেনা, গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24