মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-চরজানাজাত (কাওড়াকান্দি) নৌ-পথে পদ্মার মাঝে কাওলিয়ার চরের কাছে আটকে পড়া রো রো ফেরি শাহ মখদুম নয় ঘণ্টা পর শনিবার বিকালে উদ্ধার হয়েছে।
বিকাল ৫টার দিকে এটি কাওড়াকান্দির উদ্দেশে রওনা হয়েছে বলে বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন।
নাব্যতা সঙ্কটের কারণে সকাল ৮টায় ৬০০ যাত্রী ও ২০টি যানবাহনসহ ফেরিটি ডুবোচরে আটকা পড়েছিল।
এর দু'ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ আইটি (টাগ) ৩৯৪ ও আইটি (টাগ) ৩৯৭ উদ্ধার কাজ শুরু করে।
এর আগে শুক্রবার সকালে মাওয়া থেকে চার কিলোমিটার দূরে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলের মুখে আটকা পড়েছিল রো রো ফেরি ভাষা শহীদ বরকত। শনিবার ভোর সোয়া ৫টার দিকে সেটি উদ্ধার হয়েছে। ফেরিটিতে কমপক্ষে দুইশ' যাত্রী এবং ট্রাক-বাস ও ছোট গাড়িসহ ২০টিরও বেশি যানবাহন ছিল।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ শখদুম সকাল সাড়ে ৬টায় মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশে রওনা হয়। পথে কাউলিয়ার চরের কাছে সকাল ৮টার দিকে ডুবচরে আটকা পড়ে।
উদ্ধারকারী জাহাজ আউটি (টাগ) ৩৯৭ ও আউটি (টাগ) ৩৯৪ বিকাল ৫টার দিকে ফেরিটি উদ্ধার করে।
তিনি জানান, মাওয়া থেকে চার কিলোমিটার দূরে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলের ডুবোচরে শুক্রবার সকাল ৮টার দিকেও একবার শাহ মখদুম আটকা পড়ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই তা উদ্ধার করা হয়।
এরপর দুপুর ১২টার দিকে চ্যানেলটি পরিত্যক্ত ঘোষণার পর নতুন চ্যানেল মাওয়া-কবুতর খোলা-কাওলিয়ারচর-চরজানাজাত পথে রো রো ফেরি শাহ মখদুম ও ফেরি রাণীগঞ্জ মাওয়া থেকে চরজানাজাতের উদ্দেশে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, ২০ কিলোমিটারের এ চ্যানেলে বর্তমানে মাত্র পাঁচ থেকে সাত ফুট পানি রয়েছে।
নতুন এ চ্যানেল দিয়ে রো রো ফেরিতে মাওয়া থেকে চরজানাজাত পৌঁছতে সময় লাগছে এক ঘণ্টা বেশি। এখন মাওয়া থেকে চরজানাজাত পৌঁছতে রো রো ফেরির তিন ঘণ্টা এবং ছোট ফেরিগুলোর চার ঘণ্টা সময় লাগছে।
নতুন চ্যানেলে সময় বেশি লাগায় ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। এর ফলে নৌ-পথটির মাওয়া ও চরজানাজাত দুপ্রান্তেই তীব্র যানযট সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৮০০ ঘ.
bdnews24