চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের বোয়ালখালীতে যাকাতের কাপড় নিতে গিয়ে ভিড়ে অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টা নাগাদ বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিজিয়া খাতুন (৫৫) পশ্চিম কধুরখীলের পাঠান পাড়ার ইউনুস খানের স্ত্রী।
পুলিশ ও যাকাত প্রদানকারি পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে- ভিড়ে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কধুরখীলের ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ প্রতি বছর ঈদের আগে গ্রামের লোকজনদের যাকাতের কাপড় দেন। শনিবার সকাল ১০ টা থেকে তার যাকাত দেওবার কথা ছিল।"
তিনি জানান, সকাল সাতটা থেকেই কয়েক হাজার বিভিন্ন বয়সি দরিদ্র নারী-পুরুষ যাকাতের জন্য ভিড় করে। এসময় ভিড়ে অতিরিক্ত গরমে অসুুস্থ হয়ে রিজিয়া খাতুন পড়ে যায়। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা হেলাল জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/১৭২৪ ঘ.
bdnews24