২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না হলে কারখানার মালিকদের বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 09:28 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না হলে কারখানার মালিকদের বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। শনিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেওয়া হয়। তারা ৭ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধসসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সংগঠনের সমন্বয়কারী মাহবুবুর রহমান ইসমাইল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, "অনেক গার্মেন্টস মালিক ঈদের আগে বেতন-বোনাস দিতে চাচ্ছে না। পাশাপাশি শ্রমিকদের মজুরি কম দেওয়া এবং যেসব শ্রমিকের চাকরির বয়স এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন-বোনাস না দেওয়ার চেষ্টা চলছে।" ফলে শ্রমিকদের মধ্যে মানসিক চাপ ও অস্থিরতা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "এ পরিস্থিতিতে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধসসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। এর অন্যথায় হলে শ্রমিকদের সঙ্গে নিয়ে গার্মেন্টস কারখানার মালিকদের বাড়ি ঘেরাও করা হবে।" অন্য দাবিগুলো হলো- ওভারটাইম ও নাইটবিল ৭ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ, গ্রেপ্তারকৃত শ্রমিক নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, সব কারখানায় ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা এবং শ্রমিক ছাটাই বন্ধ। ইসমাইল বলেন, "দ্রব্যমূল্য বাড়ার কারণে শ্রমিকদের বেতনে রমজান মাসে সংসার ঠিকমতো চলে না। এ অবস্থায় ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করা না হলে অনেকেই ঈদের সময় অভুক্ত থাকবে।" সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব বাহারানা সুলতান বাহার, সদস্য শবনম হাফিজ, আলিফ দেওয়ান, মাহবুব আলী, যুবরান আলী জুয়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৫১০ ঘ.