গাজীপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সশস্ত্র লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা ও হত্যার নির্দেশসহ বিভিন্ন অভিযোগে পারটেক্স গ্রুপের মালিক এম এ হাশেমসহ অর্ধশতাধিক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ইপিলিয়ন জিন্স লিমিটেডের সহকারি ব্যবস্থাপক আব্দুল মঈন খান বাদি হয়ে শুক্রবার রাতে জয়দেবপুর থানায় ওই মামলা দায়ের করেন।
মামলায় এম এ হাশেমকে প্রধান আসামি এবং ৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলাসূত্রে জানা যায়, ইপিলিয়ন গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন বাহাদুরপুর মৌজার ২৬৭ দশমিক ৫০শতাংশ জমি সাফ কবলা দলিল মূলে মালিক হয়ে খাজনা পরিশোধপূর্বক ভোগদখলে রয়েছেন। সেখানে কারখানা নির্মাণের জন্য রিয়াজ উদ্দিন আল মামুন রড, সিমেন্টসহ বিভিন্ন মালামাল মজুদ করে রাখেন। কিন্তু শুক্রবার দুপুরে এম. এ হাসেমের নেতৃত্বে অর্ধশতাধিক সশস্ত্র লোক সেখানে গিয়ে শ্রমিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়।
শ্রমিকরা এর প্রতিবাদ করলে শ্রমিকদের হত্যা করার জন্য এম.এ হাশেম তার লোকদের নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়ে হাশেমের সশস্ত্র লোকজন শ্রমিকদের উপর হামলা চালায় এবং শ্রমিকদেরকে জমি থেকে বের করে দেয়।
এসময় হাশেমের লোকরা ওই জমিতে মজুদ থাকা ৮ হাজার টাকার ২০ ব্যাগ সিমেন্ট, ৯৬ হাজার টাকার ২ টন রড এবং ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ইট লুটে নেয়। শ্রমিকরা বাধা দিলে তারা শ্রমিকদেরকে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় এবং সেখানে স্থাপনা নির্মানের ঘোষণা দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ শুক্রবারের ঘটনা ও মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল হোসেন জানান, শুক্রবার পুলিশের তৎপরতার মুখে সশস্ত্র লোকরা ১টি রাম দা, ২টি চাপাতি ও লাঠি-সোটা ফেলে পালিয়ে যায়। পরে ওইসব উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৩৭ ঘ.
bdnews24