মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাব্যতা সঙ্কটে মাওয়া-চরজানাজাত (কাওড়াকান্দি) নৌ-পথে পদ্মার মাঝামাঝি স্থানে ৫০০ যাত্রী ও ২০টি যানবাহনসহ শনিবার সকালে একটি রো রো ফেরি আটকা পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টার দিকে মাওয়া থেকে দেড় কিলোমিটার দূরে কাওলিয়ার চরের কাছে আটকা পড়েছে রো রো ফেরি শাহ মখদুম। সেটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ রওনা হয়েছে।
ওদিকে, মাওয়া থেকে চার কিলোমিটার দূরে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলের মুখে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে আটকা পড়া রো রো ফেরি ভাষা শহীদ বরকত শনিবার ভোর সোয়া ৫টার দিকে উদ্ধার হয়েছে। ফেরিটিতে কমপক্ষে দুইশ' যাত্রী এবং ট্রাক-বাস ও ছোট গাড়িসহ ২০টিরও বেশি যানবাহন ছিলো।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ শখদুম সকাল সাড়ে ৬টায় মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশে রওনা হয়। নাব্যতা সঙ্কটে সেটি পথে কাউলিয়ার চরের কাছে সকাল ৮টার দিকে ডুবচরে আটকা পড়েছে। ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আউটি (টাগ) ৩৯৭ পাঠানো হয়েছে।
তিনি জানান, মাওয়া থেকে চার কিলোমিটার দূরে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলের ডুবোচরে শুক্রবার সকাল ৮টার দিকেও একবার শাহ মখদুম আটকা পড়ছিলো। তবে কিছুক্ষণের মধ্যেই তা উদ্ধার করা হয়।
এরপর দুপুর ১২টার দিকে চ্যানেলটি পরিত্যক্ত ঘোষণার পর নতুন চ্যানেল মাওয়া-কবুতর খোলা-কাওলিয়ারচর-চরজানাজাত পথে রো রো ফেরি শাহ মখদুম ও ফেরি রাণীগঞ্জ মাওয়া থেকে চরজানাজাতের উদ্দেশে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, ২০ কিলোমিটারের এ চ্যানেলে বর্তমানে মাত্র পাঁচ থেকে সাত ফুট পানি রয়েছে।
নতুন এ চ্যানেল দিয়ে রো রো ফেরিতে মাওয়া থেকে চরজানাজাত পৌঁছতে সময় লাগছে এক ঘণ্টা বেশি। এখন মাওয়া থেকে চরজানাজাত পৌঁছতে রো রো ফেরির তিন ঘণ্টা এবং ছোট ফেরিগুলোর চার ঘণ্টা সময় লাগছে।
নতুন চ্যানেলে সময় বেশি লাগায় ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। এর ফলে নৌ-পথটির মাওয়া ও চরজানাজাত দুপ্রান্তেই তীব্র যানযট সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৩৫ ঘ.
bdnews24