পাবনা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের সমর্থকরা।
আবু বকর সিদ্দিক (৩৫) উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শুক্রবার রাতে সুজানগর বাজারে নন্দিতা সিনেমা হলের সামনে এই হামলা হয়।
সুজানগর থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১১টার দিকে আবু বকর সিদ্দিক সিনেমা হলের সামনে একটি চা দোকানে বসেছিলেন। এ সময় ১০/১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর বাজারে মিছিল হচ্ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এ ঘটনার জন্য দায়ী।
এ ব্যাপারে আব্দুল ওহাবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24