খুলনা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় খুলনায় সরকারি দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
খুলনার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস মৃণাল হাজরা (৩৫) কে বৃহস্পতিবার রাতে উপজেলার দামোদর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে ফুলতলা থানার ওসি কাজী দাউদ হোসেন জানিয়েছেন।
গত ৩০ আগস্ট ঠিকাদার কামাল ফকির ৭০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলতলা থানায় মৃণালসহ যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের ছয়জনকে আসামি করে মামলা করেন।
ওসি কাজী দাউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সে মামলায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দামোদর গ্রামের একটি বাড়ি থেকে মৃণালকে গ্রেপ্তার করা হয়।
ওই মামলার অপর আসামিরা হলেন- ফুলতলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রবীন বসু, যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াসিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৪০ ঘ.
bdnews24