২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে চালের বাজার অস্থির

দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম রংপুরে বাজার অস্থির হয়ে পড়েছে। তিন দিনের ব্যবধানে মোটা চাল কেজিপ্রতি পাইকারি বাজারে ৪ টাকা ও খুচরায় ৬ টাকা পর্যন্ত বেড়েছিলো। আর শুক্রবার সকালে পাইকারি বাজার হয়ে পড়েছে মোটা চাল শূন্য। জানাচ্ছেন লিয়াকত আলী বাদল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 05:38 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

লিয়াকত আলী বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রংপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম রংপুরে বাজার অস্থির হয়ে পড়েছে। তিন দিনের ব্যবধানে বৃহস্পতিবার মোটা চাল কেজিপ্রতি পাইকারি বাজারে ৪ টাকা ও খুচরায় ৬ টাকা পর্যন্ত বেড়েছিলো। আর শুক্রবার সকাল থেকে পাইকারি বাজার হয়ে পড়েছে মোটা চাল শূন্য। রংপুর শহরতলীর মাহিগঞ্জ এলাকার চালের মোকামে প্রতিদিন শত শত ট্রাক চাল কেনা-বেচা হয়। পাইকাররা এখান থেকে চাল কিনে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্রগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। অনুসন্ধানে জানা গেছে, ব্যবসায়ী নামধারী অসাধু চক্র হাজার হাজার টন চাল গুদামজাত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সঙ্কটে পড়েছে নিম্ন ও নিু মধ্যবিত্ত মানুষ। ওদিকে চালের মূল্য স্থিতিশীল রাখতে সরকার খোলা বাজারে (ওএমএস) ও ফেয়ার প্রাইস কার্ডের (এফপিসি) মাধ্যমে দেশের অন্যান্য স্থানের মতো রংপুর শহরে প্রতিদিন চাল বিক্রি করলেও তা তেমন কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। মাহীগঞ্জ পাইকারি চালের বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনদিন আগে সোমবার হঠাৎ চালের দাম বাড়তে শুরু করে। বৃহস্পতিবার মোটা চালের দুই হাজার টাকার বস্তা (৮৪ কেজি) ২৪ শত টাকা দরে বিক্রি হয়। বস্তা প্রতি দাম বেড়েছিলো চারশত টাকা। যে মোটা চাল তিনদিন আগে ২৩ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিলো বৃহস্পতিবার সেই চাল পাইকারী বাজারেই বিক্রি হয়ে সাড়ে ২৮ টাকা থেকে ২৯ টাকা কেজি। একইভাবে চিকন চাল বস্তা প্রতি বাড়ে প্রায় ৩ শত টাকা। ২৫ শত টাকার চাল পাইকারি বাজারে বিক্রি হয় ২৮ শত টাকায়। ৩০ টাকা কেজির চিকন চাল বিক্রি হয় ৩৪ টাকায়। শুক্রবার সকাল থেকে মাহীগঞ্জ পাইকারি বাজারে মোটা চাল পাওয়া যাচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রংপুর পাইকারি চাল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম। বাজারের পাইকারী চাল ব্যবসায়ী আব্দুস সালাম, মমতাজ উদ্দিনসহ অনেকেই বৃহস্পতিবার জানান, বড় বড় চালের মিল ও চাতাল মালিক এবং ব্যবসায়ীরা গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরেও চাল বিক্রি করছেন না। চাহিদার অর্ধেক চালও পাইকারী বাজারে নেই। তাই হঠাৎ চালের দাম বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্ষেত্রে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন তারা। বৃহস্পতিবার রংপুর পৌর বাজারের খুচরা চালের বাজারে ঘুরে দেখা যায়, মোটা চাল পাইকারী বাজারে সর্বোচ্চ ২৯ টাকা হলেও এ বাজারে ৩২ টাকায় এবং ৩২ টাকার চিকন চাল ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। মাহীগঞ্জ পাইকারী বাজার থেকে এ বাজারের দূরত্ব ৩ কিলেমিটার হলেও প্রতি কেজি মোটা চালে ৩ টাকা আর চিকন চালে ৪ থেকে ৫ টাকার ব্যবধান। এমন পরিস্থিতিতে চাল ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে স্বল্প আয়ের হাজার হাজার পরিবার। বিশেষ করে দিনমজুর, রিকশাচালকসহ স্বল্প আয়ের মানুষেরা। চালের এই আকস্মিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ তাদের অনেকে। রিকশাচালক মনোয়ারুল ইসলাম জানান, মোটা চাল চার দিন আগে ২৩ থেকে ২৪ টাকা দরে বিক্রি হলেও হঠাৎ তা ৩১ থেকে ৩২ টাকা দরে বিক্রি করছে দোকানদাররা। তিনি বলেন, "আমাদের আয় রোজগার বাড়েনি। অথচ রমজান মাসে যেভাবে চালের দাম বাড়ছে তাতে বাধ্য হয়ে ৩ কেজির জায়গায় ২ কেজি কিনছি। আধা পেট ভাত খেয়ে পরিবার-পরিজন রোজা রাখতে বাধ্য হচ্ছে। "এভাবে চালের দাম বৃদ্ধি পেলে আমরা দিন এনে দিন খাওয়া পরিবারগুলো না খেয়ে মারা যাবো।" একটি সরকারি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী জোনাব আলী বলেন, "আমরা খদ্দেররা ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছি। ৩০ টাকার চিকন চাল কি করে তিন দিনের ব্যবধানে ৩৬ টাকা হয়। কেজি প্রতি ৬ টাকা বাড়ার এমন কী কারণ থাকতে পারে। "বাজারে তো হাজার হাজার বস্তা চাল রয়েছে। তারপরেও কেন দাম বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার কী করছে?" এ ব্যাপারে খুচরা চাল বিক্রেতা নবাব আলী ও মনিরুল জানান, তারা মাহীগঞ্জ মোকাম থেকে ২-৪ বস্তা করে চাল কিনে খুচরা বিক্রি করেন। কিন্তু এবার তিন দিনের ব্যবধানে চালের বাজার এত বৃদ্ধি পাবে তা তাদের কল্পনায়ও ছিলো না। নাম প্রকাশ না করার শর্তে চালের এক পাইকার জানান, এবার রমজান আর ঈদকে সামনে রেখে বড় বড় চালের আড়তদার হাজার হাজার বস্তা চাল গুদামজাত করেছে। তারা আস্তে আস্তে ২-৪ ট্রাক চাল বাজারে ছাড়ছে। ফলে চাহিদা অনুযায়ী বাজারে চাল না আসায় দাম অনেক বেড়েছে। প্রশাসন বড় বড় চালের আড়তদার আর অটোরাইস মিলের গুদাম তল্লাশি শুরু করলে এক দিনেই চালের দাম কমে যেতে পারে বলে মনে করছেন ওই ব্যবসায়ী। ওদিকে চালের মূল্য স্থিতিশীল রাখতে খোলা বাজারে (ওএমএস) ও ফেয়ার প্রাইস কার্ডের (এফপিসি) মাধ্যমে প্রতিদিন রংপুর বিভাগীয় শহরে শতাধিক টন চাল বিক্রি করা হলেও এর কোনো প্রভাব খুচরা বা পাইকারি বাজারে পড়েনি। বরং এই চাল বিক্রি নিয়ে চরম অনিয়ম চলছে বলেও অভিযোগ উঠেছে। তবে সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদুর রহমান জানান, খোলা বাজারে চাল বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। চালের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা খাদ্য কর্মকর্তা মো. মোহসীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে বিভাগীয় শহর রংপুরে ১০টি স্থানে ট্রাকে করে ৪০ টন চাল খোলা বাজারে ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। একইভাবে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমেও চাল বিক্রি করা হচ্ছে। এর পরও চালের দাম বেড়ে যাওয়াকে অস্বাভাবিক হিসেবে মনে করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১১৩৫ ঘ.