ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তত্ত্বাবধায়ক সরকারের সময় ১০০ দিনের কর্মসৃজন প্রকল্পে ব্যাপক লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছায়েদুল হক।
তিনি বলেন, "১০০ দিনের কর্মসৃজন প্রকল্প তদারকিতে তেমন কোন ব্যবস্থা না থাকায় এতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এখনো এ ধরনের কর্মসূচিতে কিছু অনিয়ম হচ্ছে, তবে তা আগের মতো নয়। এখন অনেক কম হচ্ছে। অন্তত: বিভিন্ন প্রকল্পে ৭০ শতাংশ কাজতো এখন হচ্ছেই। এটাও কম নয়।"
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি বৃহস্পতিবার একথা বলেন।
ঢাকার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে 'হতদরিদ্রদের জন্য কর্মসৃজন এবং ন্যাশনাল সার্ভিস, বাস্তবায়নের চ্যালেঞ্জ'-শীর্ষক এ সংলাপের আয়োজন কর হয়।
ছায়েদুল হক বলেন, "হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যাশনাল সার্ভিসের মতো কর্মসূচিকে স্থায়ী রূপ দেওয়া বর্তমান আর্থিক অবস্থায় এদেশে সম্ভব নয়। তবে বর্তমান আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এসব কর্মসূচি চালিয়ে যাবে।"
তিনি আরো বলেন, "ভারত এ ধরনের কর্মসূচির মাধ্যমে নাগরিকদের কর্মসংস্থানের অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এদেশের প্রেক্ষাপটে এটি সহজ নয়। তবে আমরাও এ অঞ্চলে প্রথম বিধবা ভাতা বা বয়স্ক ভাতার মতো কর্মসূচি শুরু করেছে। আওয়ামী লীগ সব সময় কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিয়েছে।"
সংলাপে মূল নিবন্ধে সিপিডির গবেষক ড. ফাহমিদা খাতুন বলেন, "কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও বরগুনা জেলায় ন্যাশনাল সার্ভিসের জন্য ৬৫ হাজার যুবককে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। এজন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরা প্রশিক্ষণকালে মাসে তিন হাজার এবং কর্মকালে ছয় হাজার করে টাকা পাবে।"
তিন বছরের জন্য এ কর্মসূচি চালিয়ে যেতে সরকারের প্রয়োজন হবে প্রায় এক হাজার কোটি টাকা। এতে আরো ৮১০ কোটি টাকার প্রয়োজন হবে। তবে এ টাকা কোথা থেকে আসবে, সে ব্যাপারে কোন সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে ব্যক্তি খাতকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে উৎসাহী করতে হবে। জানান তিনি।
প্রবন্ধে বলা হয়, প্রতি বছর দেশে ১৮ লাখ লোক নতুন করে শ্রম বাজারে আসছে। অথচ শ্রম বাজারে রয়েছে-এমন কর্মীরা বছর জুড়ে কাজ পাচ্ছে না। ফলে সব মিলিয়ে দেশে প্রায় ২৮ শতাংশ মানুষই বেকার থাকে।
সভাপতির বক্তব্যে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান ভারতের মতো বাংলাদেশেও কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের যুগ্ম-সচিব আব্দুল ওয়াজেদ, স্কপ সমন্বয়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ওয়ার্কার্স পার্টির একাংশের সাধারণ সম্পাদক সাইফুল হক, বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ শেখ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২০১০ ঘ.
bdnews24