চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর কর্মকর্তারা কর্মবিরতি প্রত্যাহার করায় সাড়ে ছয় ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারো শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়।
পানামা'র নির্বাহী পরিচালকসহ কয়েক কর্মকর্তার লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা এ কর্মবিরতি শুরু করেন।
বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডি (সিএ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় বন্দরের উভয় পাশে প্রায় ৩'শ ট্রাক আটকা পড়ে।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জেলা প্রশাসক কেএম আলী আজম এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
সোনামনজিদ স্থলবন্দরের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিদর্শক আলিমুজ্জামান বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেতন-বোনাস বাড়ানোর দাবিতে কতিপয় শ্রমিক বুধবার পানামা'র নির্বাহী পরিচালক ইকবাল হোসেনের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে।
"এক পর্যায়ের বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কর্মকর্তাসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।"
তবে ইকবাল হোসেন অভিযোগ করেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় বেতন-বোনাস বাড়ানোর দাবির নামে কিছু শ্রমিক এ ঘটনা ঘটায়।
তিনি বলেন, "গোলাম রাব্বানী, শাহজাহান আলী, জসিম উদ্দীন, নুরে আল সিদ্দীকি ও জিয়াউর রহমানের নেতৃত্বে শ্রমিকরা বেলা সাড়ে ১২টার দিকে পানামা'র কার্যালয়ে তাকেসহ কয়েকজন কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।"
ইকবাল হোসেন জানান, ওই পাঁচ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, স্থানীয় সাংসদ এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. এনামুল হকের ভাই নাজমুল হকের লোক ও ক্ষমতাসীন দলের কর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই তারা পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করে আসছে।
অবশ্য নাজমুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, "স্থলবন্দরের শ্রমিকদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। দলীয় সুনাম ক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে এ সব অভিযোগ করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৮৫৫ ঘ.
bdnews24